Source: Prothom Alo
Dated: 29-04-2012
বিএনপির ডাকা হরতালের কারণে উচ্চমাধ্যমিক (এইচএসসি) পরীক্ষাসহ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অভ্যন্তরীণ পরীক্ষার সময়সূচি ওলটপালট হয়ে যাচ্ছে। আজ রোববার ও কাল সোমবার অনুষ্ঠেয় আটটি সাধারণ শিক্ষা বোর্ডের এইচএসসি ও কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা স্থগিত করা হয়েছে। আজকের পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ৪ মে শুক্রবার সকাল সাড়ে নয়টা থেকে দুপুর সাড়ে ১২টা এবং বেলা দুইটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত। এ ছাড়া কাল সোমবারের পরীক্ষা অনুষ্ঠিত হবে ৫ মে শনিবার পূর্বনির্ধারিত সময়ে। ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ফাহিমা খাতুন ও কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আবুল কাশেম প্রথম আলোকে এ তথ্য জানান। মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান আব্দুন নূর জানিয়েছেন, তাঁদের বোর্ডের অধীন আজ রোববারের আলিম পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ৪ মে। সকাল সাড়ে নয়টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ওই পরীক্ষা অনুষ্ঠিত হবে। মাদ্রাসায় সোমবার কোনো পরীক্ষা নেই। আগের সময়সূচি অনুযায়ী এইচএসসিতে আজ রসায়ন, ইসলামের ইতিহাস, ইতিহাস, গৃহ-ব্যবস্থাপনা ও শিশুবর্ধন এবং পারিবারিক সম্পর্ক, অর্থনীতি ও বাণিজ্যিক ভূগোল, লঘু সংগীত, নাট্যকলা দ্বিতীয় পত্র এবং আগামীকাল সোমবার কৃষি শিক্ষা (তত্ত্বীয়) ও মনোবিজ্ঞান (তত্ত্বীয়) প্রথম পত্রের পরীক্ষা হওয়ার কথা ছিল। এর আগে হরতালের কারণে ২২, ২৩ ও ২৪ এপ্রিলের পরীক্ষাও পেছানো হয়েছে। বিএনপির নেতা ইলিয়াস আলী নিখোঁজ হওয়ার প্রতিবাদে বিএনপি একের পর এক হরতালের ডাক দিচ্ছে।